ফেনী সদর উপজেলার ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়া চর্চার সুযোগ বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী দেওয়া হয়।
সোমবার (১০ আগস্ট) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি স্কুল, ৬টি কলেজ, ১২টি মাদরাসা, ২৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন ফেনী-২ (ফেনী সদর) আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এএসএম সোহরাব আল হোসাইন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও উপজেলা শিক্ষা সুপারভাইজার কামরুন্নাহার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তরুণ ও যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন এবং মাঠের সুযোগ তৈরি করা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সরঞ্জাম পৌঁছে দেওয়ার মাধ্যমে এ চর্চা আরও গতিশীল হবে।
সমাপনী বক্তব্যে ইউএনও সুলতানা নাসরিন কান্তা বলেন, এমপির বরাদ্দ থেকে ৬৪টি প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতে স্থানীয় ক্রীড়া অবকাঠামো ও সরঞ্জাম বৃদ্ধিতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস




