শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডিজিটাল ডেটা সুরক্ষায় কার্যকরী ‘৩-২-১-১-০’ ব্যাকআপ রুল: কীভাবে কাজ করে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ এএম

শেয়ার করুন:

ডিজিটাল ডেটা সুরক্ষায় কার্যকরী ‘৩-২-১-১-০’ ব্যাকআপ রুল: কীভাবে কাজ করে
ডিজিটাল ডেটা সুরক্ষায় কার্যকরী ‘৩-২-১-১-০’ ব্যাকআপ রুল: কীভাবে কাজ করে?

ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে আমাদের জীবনের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা—ছবি, ভিডিও, অফিসের ডকুমেন্ট ও প্রজেক্ট ফাইল—এখন ডিজিটাল হয়ে গিয়েছে। কিন্তু ডিভাইস নষ্ট হওয়া, ভুলবশত ফাইল ডিলিট হওয়া বা র‍্যানসমওয়্যার অ্যাটাকের মতো পরিস্থিতিতে এই ডেটা মুহূর্তের মধ্যে ঝুঁকির মুখে পড়তে পারে। শুধু একটি এক্সটার্নাল হার্ড ড্রাইভে কপি করে রাখাই সব সময় যথেষ্ট নয়। ডেটা পুরোপুরি নিরাপদ রাখতে ‘৩-২-১-১-০ ব্যাকআপ রুল’ একটি অত্যন্ত স্মার্ট ও নির্ভরযোগ্য কৌশল। নিচে এই নিয়মের প্রতিটি ধাপ বিস্তারিত আলোচনা করা হলো-

  • ৩ (৩টি কপি): গুরুত্বপূর্ণ ডেটার মূল কপি সহ অন্তত ৩টি কপি সংরক্ষণ করতে হবে। যেমন—একটি কপি আপনার ল্যাপটপে, দ্বিতীয়টি ক্লাউড স্টোরেজে এবং তৃতীয়টি এক্সটার্নাল হার্ড ড্রাইভে রাখা যেতে পারে। এতে একটি ডিভাইস নষ্ট হলেও বাকি কপিগুলো সুরক্ষিত থাকে।

  • ২ (দুটি আলাদা স্টোরেজ মিডিয়া): ব্যাকআপ কেবল একাধিক জায়গায় রাখলেই চলবে না, বরং তা অন্তত দুই ধরনের আলাদা স্টোরেজ প্রযুক্তিতে সংরক্ষণ করতে হবে। যেমন—এইচডিডি (HDD) এবং এসএসডি (SSD), অথবা এক্সটার্নাল ড্রাইভ এবং ক্লাউড। এর ফলে একটি স্টোরেজ প্রযুক্তিতে সমস্যা দেখা দিলেও অন্য কপিটি নিরাপদ থাকবে।

  • ১ (অফ-সাইট ব্যাকআপ): ডেটার অন্তত একটি কপি বাড়ি বা অফিসের বাইরে আলাদা কোনো স্থানে রাখা উচিত। আগুন লাগা, চুরি বা প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতিতে লোকাল ডিভাইস ও ব্যাকআপ একসঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্লাউড স্টোরেজ এই অফ-সাইট ব্যাকআপের একটি দুর্দান্ত বিকল্প।

  • ১ (অফলাইন ব্যাকআপ): র‍্যানসমওয়্যারের মতো সাইবার আক্রমণ থেকে বাঁচতে অন্তত একটি ব্যাকআপ সম্পূর্ণ অফলাইন রাখা জরুরি। এক্সটার্নাল হার্ড ড্রাইভ কম্পিউটারের সঙ্গে স্থায়ীভাবে সংযুক্ত থাকলে ভাইরাসের মাধ্যমে সেই ডেটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ব্যাকআপ নেওয়ার পর ড্রাইভটি কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে রাখুন।

  • ০ (জিরো এরর বা ত্রুটিহীন রিস্টোর): কেবল ব্যাকআপ নিয়ে নিশ্চিন্ত বসে থাকলেই চলবে না; ব্যাকআপ ফাইলগুলো সঠিকভাবে কাজ করছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট সময় পর পর ফাইলগুলো খুলে বা টেস্ট রিস্টোর করে নিশ্চিত হয়ে নিন যে, বিপদের দিনে ডেটা সফলভাবে পুনরুদ্ধার করা সম্ভব হবে।

এই নিয়ম কেবল বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের জন্যই নয়; বরং শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটর, ফটোগ্রাফার, গেমার, ফ্রিল্যান্সার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্যও সমানভাবে উপযোগী। এর জন্য অতিরিক্ত খরচ করার প্রয়োজন নেই; একটি এক্সটার্নাল হার্ড ড্রাইভ এবং ফ্রি ক্লাউড স্টোরেজের মাধ্যমেই আপনি সহজেই এই ব্যাকআপ স্ট্র্যাটেজি অনুসরণ করতে পারেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর