পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ মো. ইসমাইল শরীফ (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার হরিণপালা এলাকার বেরিবাঁধের দক্ষিণ পাশের ঢাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল শরীফ ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিণপালা গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল পাঁচটার দিকে টাকা-পয়সার বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলে বাড়ি থেকে বের হন ইসমাইল শরীফ। পরে তিনি তুষখালী বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। রাত সাড়ে ১০টা পর্যন্ত বাড়িতে না ফেরায় তার স্ত্রী শেফালী বেগম তেলিখালী পুলিশ ফাঁড়িতে ফোন করে বিষয়টি জানান। পুলিশ তাকে খোঁজাখুঁজি করতে পরামর্শ দেয়।
পরদিন সকালে বাড়ির অদূরে বেরিবাঁধের পাশে ইসমাইল শরীফকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজন ও স্থানীয়রা। তার ডান কানের লতি ছেঁড়া ও রক্তাক্ত অবস্থায় ছিল। এ ছাড়া গলার নিচে থেঁতলানো দাগ এবং অণ্ডকোষে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগনুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বাড়ির কাছ থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




