কুমিল্লা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ ও কষ্টের কথা শুনে নিজ উদ্যোগে যাতায়াতের কষ্ট লাঘব করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু।
কুমিল্লা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (ঢাকা) যাতায়াতকারী শিক্ষার্থীদের কষ্টের কথা শুনে ব্যক্তিগত উদ্যোগে বাসের পুরনো ৭০টি প্লাস্টিকের সিট পরিবর্তন করে তিনি আরামদায়ক নতুন ফোমের সিটের ব্যবস্থা করেছেন। দীর্ঘ যাত্রায় শিক্ষার্থীরা যেন কষ্ট না পায়, সেজন্য বাসের ভেতর আরও আধুনিকায়ন করেন। দীর্ঘযাত্রায় শিক্ষার্থীদের সুবিধার জন্য ফ্রি Wi-Fi জোনের ব্যবস্থা করেন তিনি।
এ প্রসঙ্গে রোববার দুপুরে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লা থেকে দীর্ঘপথ অতিক্রম করে শিক্ষার্থীরা ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যায়। শিক্ষার্থীদের বাসের পুরনো প্লাস্টিকের শক্ত আসনে বসে যেতে অনেক কষ্ট হয়। বিষয়টি আমি জানতে পেরে আসনগুলো পাল্টে ফোমের আসন স্থাপন করি এবং শিক্ষার্থীদের জন্য ফ্রি wi-fi জোনের ব্যবস্থা করে দিয়েছি। তাদের জন্য সকালের নাস্তা ও পানি সরবরাহ করেছি মানবিক দায়িত্ববোধ থেকে।
প্রতিনিধি/এলএ




