পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর তীর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার নদীতে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ এটি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামের তেঁতুলিয়া নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কয়েকজন জেলে মাছ ধরে মৎস্যঘাটে ফেরার পথে কাটাখালী এলাকায় তেঁতুলিয়া নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা স্থানীয়দের জানালে নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় যুবক গাজী সিফাত বলেন, মাছ ধরে বাড়ি ফেরার পথে জেলেরা নদীর তীরে মরদেহটি দেখতে পান। পরে তারা স্থানীয়দের ডাকেন এবং নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন।

স্থানীয়রা জানান, এর আগে শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেদীর হাট ও হাজীর হাট মাছঘাটসংলগ্ন এলাকায় এক অজ্ঞাত যুবক সাঁতরে তীরে ওঠার সময় নদীর মাঝখানে তলিয়ে যান। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের বিশেষ দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৫১ ঘণ্টা অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
এরপর রোববার দুপুরে তেঁতুলিয়া নদীর তীরে একটি মরদেহ পাওয়ার খবর পেয়ে নৌ-পুলিশ সেটি উদ্ধার করে। তবে মরদেহটি শুক্রবার নিখোঁজ হওয়া ওই যুবকের কি না, তা এখনো নিশ্চিত নয়।
দশমিনা নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক বলেন, ‘স্থানীয় কয়েকজন জেলে নদীর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি শুক্রবার নিখোঁজ হওয়া যুবকের মরদেহ কি না, তা শনাক্তের কার্যক্রম চলছে।’
প্রতিনিধি/এসএস




