মুন্সিগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর-কিশোরগঞ্জ ফেরিঘাট এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্রোতে ভেসে যাওয়া আরও একটি মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌ-পুলিশ।
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মেঘনা নদীতে তিনটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান। খবর পেয়ে গজারিয়া থানা-পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে।
পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুটি মরদেহ উদ্ধার করে ট্রলারে নদীর তীরে আনা হয়। তবে এ সময় মেঘনার তীব্র স্রোতে আরও একটি মরদেহ ভেসে যায় বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে সম্ভুপুরা ইউনিয়নের চর-রমজানবেগ এলাকার মেঘনা নদীতে কচুরিপানার মধ্যে থেকে প্রথমে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, এর প্রায় ৫০ মিটার দূরে কচুরিপানার মধ্যে পায়ে রশি বাঁধা অবস্থায় ভাসছিল এক নারীর মরদেহ। সেটিও উদ্ধার করা হয়। এ সময় মেঘনার তীব্র স্রোতে আরও একটি মরদেহ ভেসে যায়।

আলমগীর হোসেন বলেন, উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি স্রোতে ভেসে যাওয়া মরদেহটি উদ্ধারে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের পর ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মরদেহ উদ্ধারের ঘটনায় চর-কিশোরগঞ্জ এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিনিধি/এসএস




