রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ধূমপানের আইন আছে, কিন্তু প্রয়োগ নেই: ডা. জাহিদ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

ধূমপানের আইন আছে, কিন্তু প্রয়োগ নেই: ডা. জাহিদ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ধূমপান নিয়ন্ত্রণে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ধূমপান থেকেই ধীরে ধীরে মানুষ মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাই মাদক প্রতিরোধে ধূমপান নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

তিনি বলেন, প্রকাশ্যে ধূমপানের ক্ষেত্রে জরিমানার বিধান রয়েছে। তবে আইনটি কতটা বাস্তবায়ন হচ্ছে, সেটিও দেখার বিষয়। অনেককে মোটরসাইকেল চালানোর সময় ধূমপান করতে দেখা যায়। আবার অনেকে রাস্তার পাশে দোকানের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ধূমপান করেন। আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড নিষিদ্ধ।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘প্রকাশ্যে ধূমপানের জন্য যদি ৫০, ১০০ বা ২০০ টাকা জরিমানা করা হয়, তাহলে মানুষের মধ্যে ধারণা তৈরি হবে যে এটি অপরাধ।’

মাদক প্রতিরোধে স্থানীয় পর্যায়ে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ে মাদক নিয়ন্ত্রণ কমিটি গঠন করা যেতে পারে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে এসব কমিটি কাজ করতে পারে।

আরও পড়ুন

দেশ পুনর্গঠনে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

বাল্যবিবাহ প্রসঙ্গে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশে এখনো ৫১ শতাংশ বাল্যবিবাহের প্রবণতা রয়েছে। বাল্যবিবাহ রোধে সবাইকে আরও সচেতন হতে হবে।

তিনি বলেন, ২০ বছর বয়সের আগে সন্তান না নেওয়ার জন্য তরুণ-তরুণীদের উৎসাহিত করা প্রয়োজন। এতে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং শিশুর স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে।

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকসহ অন্যরা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর