রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদ ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) দুপুরে মাদরাসার প্রধান ফটকের সামনে ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই প্রতিবাদে তারা রোববার মহাসড়কে অবস্থান নেন।

c179ebf0-c391-4538-bdb5-1b9187b3845b

শিক্ষার্থীদের অভিযোগ, গাজীপুরা বাসস্ট্যান্ড ও মাদরাসার সামনের অংশটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক হলেও সেখানে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদে পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তাই দ্রুত একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানান তারা।

এ ছাড়া গাজীপুরা এলাকায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে স্পিডব্রেকার বা কার্যকর গতিরোধক নির্মাণের দাবিও জানান শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

5ddae777-f12d-4c21-82eb-2210557ecd32

দীর্ঘ সময় সড়ক অবরোধ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আশরাফুল ইসলাম বলেন, ‘ফুট ওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে পুলিশ।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর