রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

সবুজ পাতা থেকে সোনালি সাফল্য, এনটিসির নতুন মাইলফলক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

সবুজ পাতা থেকে সোনালি সাফল্য, এনটিসির নতুন মাইলফলক

দেশের চা শিল্পে নতুন এক মাইলফলক স্থাপন করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি)।

চট্টগ্রাম চা নিলাম বাজারে সর্বশেষ অনুষ্ঠিত নিলামে প্রতিষ্ঠানের ১২টি চা বাগানের উৎপাদিত চা বিক্রিতে গড়েছে সর্বকালের নতুন রেকর্ড। উচ্চমূল্যে বিপুল পরিমাণ চা বিক্রির এই সাফল্য শুধু নিজেদের অতীতের সব রেকর্ডই ভেঙে দেয়নি, বরং দেশের চা শিল্পে এক অনন্য দৃষ্টান্তও স্থাপন করেছে।

কোম্পানির সূত্র জানায়, গত ৩ আগস্ট চট্টগ্রাম চা নিলামকক্ষে প্রতিটি মুহূর্ত যেন উত্তেজনা আর প্রত্যাশার মিশেলে ভরপুর ছিল। একে একে উঠতে থাকে দর, বাড়তে থাকে ক্রেতাদের আগ্রহ। সেই প্রতিযোগিতার উত্তাপেই ন্যাশনাল টি কোম্পানির ১২টি বাগানের চা গড়ে তোলে এক নতুন ইতিহাস। মোট ১ লাখ ৫১ হাজার ৫৬০ কেজি চা বিক্রি হয়, আর প্রতি কেজির গড় মূল্য দাঁড়ায় ২৮৬ টাকা ৫৯ পয়সা, যা নির্ধারিত ফ্লোর প্রাইসকে অনেকটাই ছাড়িয়ে যায়।

4a006cf0-da68-41ff-97b7-b23d1e6366da

একই নিলামে কোম্পানির সবগুলো বাগানের চায়ের গড় মূল্যই ছিল ২৮০ টাকার বেশি যা এক বিরল দৃষ্টান্ত। যেন প্রতিটি বাগানই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে।

জানা গেছে, এই সাফল্যের পেছনে রয়েছে সবুজ বাগানের নীরব শ্রম আর যত্ন। শ্রমিকদের নিবেদিত হাত, ‘দুটি পাতা ও একটি কুঁড়ি’ নীতির কঠোর অনুসরণ, আর প্রতিটি পাতার প্রতি মমতা এই সবই গড়ে তোলে উৎকৃষ্ট কাঁচা পাতা। পরে আধুনিক প্রক্রিয়াজাতকরণের ছোঁয়ায় সেই পাতাই হয়ে ওঠে সুগন্ধি, রঙিন ও স্বাদে অনন্য চা, যা ক্রেতাদের মন জয় করে নেয়। এরই প্রতিফলন দেখা যায় নিলাম বাজারে, যেখানে কোম্পানির চা অর্জন করে সর্বোচ্চ আগ্রহ ও মূল্য।

কোম্পানির তথ্য অনুযায়ী, সর্বশেষ এই নিলামে মোট বিক্রয় আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৭২২ টাকা। শুধু বিক্রয়েই নয়, উৎপাদনেও এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত উৎপাদন বেড়েছে ২৫ শতাংশ।

প্রতিষ্ঠানটির মতে, উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং গুণগত মান উন্নয়নের ধারাবাহিক প্রয়াসই এনে দিয়েছে এই সাফল্য।

7dd4ab2f-82ee-456e-877d-a41879f87cbc

চা শিল্পসংশ্লিষ্টদের দৃষ্টিতে, এটি কেবল একটি প্রতিষ্ঠানের অর্জন নয়; বরং বাংলাদেশের চা শিল্পের সম্ভাবনার উজ্জ্বল প্রতিচ্ছবি। সঠিক পরিকল্পনা, মানের প্রতি অঙ্গীকার এবং দক্ষ ব্যবস্থাপনা থাকলে বিশ্ববাজারেও বাংলাদেশের চা আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে, এই বিশ্বাস এখন আরও দৃঢ়।

 

ন্যাশনাল টি কোম্পানির কোম্পানি সচিব এ. কে. আজাদ চৌধুরী জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে চা উৎপাদন ও শিল্পের উন্নয়নে প্রতিষ্ঠানটি তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সেই পথচলায় ক্রেতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর