চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে।
রোববার (৯ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর আওতাধীন জীবননগর উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর গেট দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্প থেকে একজন পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি মাধবখালী বিওপির টহল দলের নজরে এলে বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকেই তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।

বিজিবির বাধার মুখে ওই তিনজন শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। পরে বিজিবির দৃঢ় অবস্থান অব্যাহত থাকায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা ভারতের কাঁটাতারের কাছে ফিরে যায়। এরপর সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ৬৮/৫-এস বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, বিজিবির তৎপরতায় বিএসএফের অবৈধ পুশইনের প্রচেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।
প্রতিনিধি/টিবি




