রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

রংপুর মেডিকেলের অপারেশন থিয়েটার থেকে বিপুল ওষুধ জব্দ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

রংপুর মেডিকেলের অপারেশন থিয়েটার থেকে বিপুল ওষুধ জব্দ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের অপারেশন থিয়েটারের ওটিবয়দের আলমারি থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে রমেক ছাত্রদল।

শনিবার (৮ আগস্ট) বিকেলে আলমারি ভেঙে এ ওষুধ জব্দ করা হয়। এসময় আলমারি থেকে সরকারি ওষুধ ও বাইরে থেকে রোগীদের কেনা এনেস্থিয়া, বিভিন্ন ধরনের ইনজেকশন, বিভিন্ন এন্টিবায়েটিক, দামি সুতাসহ অন্যান্য ওষুধ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, প্রায় সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে ওষুধ চুরি এবং রোগীদের সরকারি বরাদ্দের ওষুধ না দেওয়াসহ নানা রকমের অপ্রীতিকর ঘটনা ঘটছে। কয়েকদিন আগে ওষুধ চুরির সময় হাতেনাতে একজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই আমরা ছাত্রদল কর্মীরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা অপারেশন থিয়েটারে এসে সন্দেহজনকভাবে আলমারি চিহ্নিত করে তালা ভেঙে এই অবৈধভাবে মজুদ করা ওষুধ জব্দ করি। এখানে প্রায় লক্ষাধিক টাকার ওষুধ জব্দ করা হয়েছে। বিষয়টি আমরা হাসপাতালের প্রশাসনকে জানিয়েছি। এছাড়াও কারা এই ওষুধ মজুত ও চুরির সঙ্গে জড়িত সেই বিষয়টি খতিয়ে দেখছি। তবে প্রাথমিকভাবে ওটি বয়রা এর সঙ্গে জড়িত বলে জানা গেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, বিষয়টি অবগত হয়েছি। আগামীকাল অফিসে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর