হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির টহলদল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৮টি গরু, ১০ কেজি গাঁজা ও ২৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক ১৬ লাখ ৫০ হাজার টাকা।
শনিবার (৮ আগস্ট) রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র মারফত জানা যায়, এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার মাধবপুরের সাতছড়ি বিওপির টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ি দুর্গম পাহাড়ি বনাঞ্চল এলাকায় বিজিবি টহল পরিচালনা করে। এ অভিযানে ১০ কেজি ভারতীয় গাঁজা ও ২৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮টি গরু জব্দ হয়।
ধারণা করা হচ্ছে, মাদক কারবারিরা ভারত থেকে পাচারের উদ্দেশ্যে ওইসব মাদকদ্রব্য এবং গরুগুলো এনে সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন স্থানে পাচারের লক্ষ্যে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল। বিজিবির নিয়মিত টহল তৎপরতার অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে মাদকসহ গরুগুলো উদ্ধার করে জব্দ করা সম্ভব হয়।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং গরুগুলো কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।
উল্লেখ্য, গত জুলাই মাসসহ অদ্যাবধি ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ১৭ লাখ টাকা মূল্যের ২০০ কেজি ভারতীয় গাঁজা এবং ২২৫ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ইস্কফ সিরাপ, ১৬ লিটার বাংলা মদ এবং ২৫৯০ পিস ইয়াবাসহ ৮ জন আসামি আটক হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, যেকোনো ধরনের মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ বিজিবি সব সময় শক্ত ভূমিকা পালন করে আসছে। বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারার পাশাপাশি, দেশের যুব সমাজকে মাদকের ভয়ালগ্রাস থেকে মুক্ত রাখার ব্যাপারে জনসচেতনতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আমাদের চোরাচালান ও মাদক বিরোধী প্রতিটি অভিযান অপরাধ দমন করার পাশাপাশি জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য বিজিবির অভিযান অব্যাহত থাকবে।




