শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ১০:০৮ পিএম

শেয়ার করুন:

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

শনিবার (৮ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন— যশোর শহরের শংকরপুর এলাকার রাজা এবং তার দুই সহযোগী বৃষ্টি ও জারা। 

শুক্রবার (৭ আগস্ট) রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার ওই যুবক ফেসবুকে ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে রাজা তার সঙ্গে যোগাযোগ করে যশোরে আসতে বলেন। যুবক ল্যাপটপ নিয়ে যশোরে এলে তাকে একটি ঘরে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ।

পরে বৃষ্টি ও জারাকে ব্যবহার করে যুবকের সঙ্গে আপত্তিকর ছবি তোলা হয়। এসব ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে মোটরসাইকেল ও ল্যাপটপ নেওয়া হয়। একই সঙ্গে পরিবারের সদস্যদের ফোন করে টাকা আদায় করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা যুবককে উদ্ধার করে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই আল আমিন তদন্ত শুরু করেন। শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

কোতোয়ালি থানার এসআই আল আমিন বলেন, ভুক্তভোগী যুবক মামলা করবেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারীদের ব্যবহার করে বিভিন্ন প্রলোভনে মানুষকে ফাঁদে ফেলে পরে আপত্তিকর ছবি ধারণ ও ভয়ভীতি দেখিয়ে টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়াই ছিল চক্রটির কৌশল। আটক তিনজনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং এর আগেও তারা আটক হয়েছিল।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর