ঝিনাইদহে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দেশের ফুটবলকে এগিয়ে নিতে চলা মাসব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় লাইফওয়ে ক্লাব, ঝিনাইদহ ৩-০ গোলে কুষ্টিয়ার ওয়ান্ডার্স ক্লাবকে পরাজিত করে শিরোপা লাভ করে।

শনিবার (৮ আগস্ট) জেলা শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।

ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে কুষ্টিয়ার ওয়ান্ডার্স ক্লাব ও লাইফওয়ে ক্লাব, ঝিনাইদহ। খেলা উপভোগ করতে কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায় স্টেডিয়ামের গ্যালারি। দর্শকদের উন্মাদনা আর বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। গ্যালারিতে জায়গা না পেয়ে মাঠে বসেই খেলা দেখতে হাজির স্কুল কলেজের শিক্ষার্থীরা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনার জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে আমরা নতুন কুঁড়ি আয়োজন করেছি। স্কুল-কলেজ পর্যায়ে নানা ধরনের ক্রীড়া ইভেন্ট যুক্ত করা হয়েছে। বিগত ১৭ বছরে দেশের ক্রীড়া খাতকে ধ্বংস করা হয়েছে। দেশের খেলাধুলার আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আগামী ৫ বছরের মধ্যে আমরা দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন বিপ্লব সৃষ্টি করতে চাই।
প্রতিনিধি/ এজে




