শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

বিএনপি নেতাকে চিঠিতে হুমকি ‘বেশি উইড়েন না’, ফটকে কাফনের কাপড়-গুলি

উপজেলা প্রতিনিধি, সাভার 
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

বিএনপি নেতাকে চিঠিতে হুমকি ‘বেশি উইড়েন না’, ফটকে কাফনের কাপড়-গুলি

সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, একটি গুলি ও আতরসহ বিভিন্ন সামগ্রী রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এর সঙ্গে হাতে লেখা একটি চিঠিতে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই নেতা।

শনিবার (৮ আগস্ট) ভোরে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ইসমাইল হোসেন মোল্লার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টা ১০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বাড়ির প্রধান ফটকের সামনে একটি ব্যাগ রেখে দ্রুত চলে যান। পরে পরিবারের সদস্যরা ব্যাগটি দেখতে পেয়ে খুললে এর ভেতরে এক টুকরো কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপ জল, গোসলের সাবান ও হাতে লেখা একটি চিঠি পাওয়া যায়।

চিঠিতে ইসমাইল হোসেন মোল্লাকে উদ্দেশ করে তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে সতর্ক করা হয়। চিঠিতে তাঁকে ‘শেষ বিদায়ের’ সামগ্রী পাঠানোর কথা উল্লেখ করে ভবিষ্যতে ‘অদৃশ্য’ কেউ তাঁর কাছে পৌঁছে যাবে বলেও হুমকি দেওয়া হয়েছে। চিঠির শেষে প্রেরক হিসেবে ‘অদৃশ্য মুসাফির’ লেখা রয়েছে।

ইসমাইল হোসেন মোল্লা বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তাঁকে ও তাঁর পরিবারকে ভয়ভীতি দেখাতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মনে করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ায় কোনো কুচক্রী মহল তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড়, গুলি ও হুমকির চিঠিসহ অন্যান্য সামগ্রী জব্দ করে।

হাতে লেখা চিঠিতে ছিল, “প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কীসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে নিজেও বুঝতে পারবেন না। কারণ এই জগৎ সংসারে হরেক রকমের মানুষের বসবাস। ভালোবেসে শেষ বিদায়ের সব কিছুই দিয়ে পাঠালাম।


“যদি মনে হয় নিজেদের সংশোধন করবেন তাহলে কোনো ঝামেলা নেই। কিন্তু আজকের পরও যদি উড়তে থাকেন তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে, সালাম দেবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন ইতি- অদৃশ্য মুসাফির।”

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জামগড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ আবু তালেব বলেন, সকালে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর