মেহেরপুরের গাংনীতে রাস্তা মেরামতের জন্য মাটি কাটার সময় ১০টি ল্যান্ডমাইনসদৃশ বস্তু ও পাঁচটি টুলবক্স পাওয়া গেছে। এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের বিস্ফোরক হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এসব বস্তু পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা জাদু শাহ জানান, বাড়ি তৈরির ইট আনার সুবিধার জন্য রাস্তার পাশে উঁচু জমি থেকে মাটি কেটে রাস্তায় দেওয়া হয়েছিল। বৃষ্টির পানিতে ওই মাটি কিছুটা ধুয়ে যাওয়ার পর শনিবার সকালে সেখানে ইট রাখতে গিয়ে মাটির নিচে প্লাস্টিকের টুলবক্স ও মাইনসদৃশ বস্তুগুলো দেখতে পান তিনি।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে দুর্ঘটনা এড়াতে গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হয়।
গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন টকি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের ‘ব্যাংগাড়ির মাঠ’ এলাকায় বড় ধরনের যুদ্ধ হয়েছিল। তার ধারণা, সে সময় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর ওপর অতর্কিত হামলার উদ্দেশে এসব অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন মাটির নিচে পুঁতে রাখতে পারেন। তবে বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে। গাংনী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, ‘ল্যান্ডমাইনসদৃশ বস্তু পাওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পরই এগুলোর প্রকৃত পরিচয় ও অবস্থা জানা যাবে।’

পুলিশ জানিয়েছে, আপাতত ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত এলাকাটি নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস




