ফেনী সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৮ আগস্ট) জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্যের চালান আসার সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের একাধিক দল ছাগলনাইয়া ও ফুলগাজীর বিভিন্ন সীমান্ত পয়েন্টে কৌশলগত অবস্থান নেয়। এ সময় চোরা কারবারিদের আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, প্রসাধনী সামগ্রী (ক্রিম ও পাউডার), ট্যাং (কমলার জুস) ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, জব্দকৃত চোরাচালানি মালামাল পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে কাস্টম্সে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্তে যে-কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ও সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
প্রতিনিধি/ এজে




