শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

সিলেটে এক মাসে সড়কে ঝরল ৩১ প্রাণ

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

সিলেটে এক মাসে সড়কে ঝরল ৩১ প্রাণ
প্রতীকী ছবি। ছবি: ঢাকা মেইল

চলতি বছরের জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি আগের মাসের তুলনায় বেড়েছে। জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩১ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ১৩ জনই মোটরসাইকেলের চালক ও আরোহী।

জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। আর কম প্রাণহানি হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।

শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

তাতে বলা হয়েছে, জুলাই মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে জুলাই মাসের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেক করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মাণ ত্রুটিকে উল্লেখ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৭ জন আহত হন। সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৪ জন আহত হন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত হন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৩২ জন আহত হন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৮টি সড়ক দুর্ঘটনায় ৯ জন চালক ও ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন পথচারী নিহত হয়েছেন। 

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৭টি দুর্ঘটনায় ৮ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ২টি দুর্ঘটনায় ৩ জন নিহত হন। 

জুলাই মাসে নিহত ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর