শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

গোয়ালন্দে পাওনা টাকার বিরোধে দিনে-দুপুরে ছুরিকাঘাত, যুবক নিহত

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

গোয়ালন্দে পাওনা টাকার বিরোধে দিনে-দুপুরে ছুরিকাঘাত, যুবক নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম হীরা (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম হীরা গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকার মো. জাবেদ আলীর ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে গোয়ালন্দ পৌরসভার তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫ থেকে ৬ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে শরিফুলের সঙ্গে কুমড়াকান্দি মল্লিকপাড়া গ্রামের মো. মঞ্জুর হোসেনের ছেলে কামরুল হোসেনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তোরাই মোড় এলাকায় কামরুল ধারালো ছুরি দিয়ে শরিফুলকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

আরও পড়ুন

উখিয়ায় ওয়াশরুম থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কামরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৫ থেকে ৬ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।’

ওসি আরও বলেন, ‘অভিযুক্ত কামরুলকে গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।’

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সামান্য টাকার বিরোধে হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর