শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

জন্মনিবন্ধন সংশোধনের নামে অর্থ আদায়, কৃষকদল নেতাকে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

জন্মনিবন্ধন সংশোধনের নামে অর্থ আদায়, কৃষকদল নেতাকে অব্যাহতি

জন্ম নিবন্ধন সংশোধনের নামে মিরসরাইয়ে দুই অসহায় নারীর কাছ থেকে নিয়মবহির্ভূত অর্থ নেওয়ার অভিযোগে, এক ইউনিয়ন কৃষক দলের সভাপতিকে কার দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, তাঁকে এক সপ্তাহের জন্য দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে। ওই নেতার নাম মো. মশিউর রহমান। তিনি মিরসরাই ৯ নম্বর সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি।

শুক্রবার (৭ আগস্ট) রাতে মিরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কারণ দর্শানোর নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, মিরসরাই ৯ নং সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. মশিউর রহমান জন্ম নিবন্ধন সংশোধন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই অসহায় নারীর কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিত তদন্তে অভিযোগটি সত্যতা প্রমাণিত হয়। এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক নীতি ও দলের ভাবমূর্তির পরিপন্থি। এ কারণে, মশিউর রহমানকে এক সপ্তাহের জন্য দলীয় সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ জারির তারিখ থেকে এক সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সময় উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকায় উপজেলা কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মিরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মতো কোনো অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী অভিযুক্তকে শোকজ করা হয়েছে এবং সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর