নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাতে নরসিংদী শহরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নরসিংদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজীদ আহমেদ জয় (২০), শহর শাখা ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া (২৭) এবং শহর শাখা ছাত্রলীগের ধর্ম ও ত্রাণবিষয়ক সম্পাদক বিজয় সাহা (২৬)।
পুলিশ জানায়, তামজীদ আহমেদ জয় নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ার বাসিন্দা। সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া সাটিরপাড়ার কুমিল্লা কলোনি এলাকায় হাফিজ মিয়ার বাড়িতে ভাড়ায় থাকেন। আর বিজয় সাহা পূর্ব ব্রাহ্মন্দীর বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নরসিংদী শহরে ছাত্রলীগের একদল নেতা-কর্মী হঠাৎ মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা দ্রুত সেখান থেকে সরে যান। পরে মিছিলের খণ্ডিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালায় পুলিশ। পরে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব ফেলার চেষ্টা ও অনাকাঙ্ক্ষিত মিছিলের ঘটনায় তথ্য সংগ্রহ এবং শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করা হয়। এতে মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ওসি আরও বলেন, এ ধরনের ঘটনা এড়াতে এবং মিছিলে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




