সাতক্ষীরার শ্যামনগরে এক নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় আব্দুল মান্নান নামের এক যুবদল নেতাকে আটকের পর মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, ওই রাতে কয়েকজন ব্যক্তি এক নারীর বাড়ি ঘেরাও করেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে আব্দুল মান্নানকে বস্ত্রহীন অবস্থায় বের করে আনা হয়। এরপর তাকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান।

আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চণ্ডীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।
মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম ও আবু হামজাসহ কয়েকজন বলেন, ওই নারী ও মান্নান কর্মসূত্রে পূর্বপরিচিত। ওই নারীর অভিযোগ, বিভিন্ন সময়ে ব্ল্যাকমেইল করার উদ্দেশে মান্নান তার বাড়িতে গিয়ে আপত্তিকর প্রস্তাব দিতেন। বৃহস্পতিবার বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে তার ঘরে ঢুকলে স্থানীয়রা তাদের আটক করেন।
তবে আব্দুল মান্নানের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এর আগে ২০২৫ সালের ৭ জুলাই অন্যের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে চাঁদা দাবির অভিযোগে মান্নানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিল পৌর যুবদল।
শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পরিবারের সদস্যরা বিষয়টি মীমাংসা করে তাদের সরিয়ে নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রতিনিধি/এসএস




