সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক কালের কণ্ঠ’র মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদ।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কবির আহমদের সহকর্মীদের বরাতে জানা যায়, কয়েকজন সহকর্মীসহ কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে যান কবির আহমদ। সেখান থেকে ফেরার পথে তাদের মাইক্রোবাসের সঙ্গে কয়েকবার ধাক্কা দেয়ার উপক্রম করে একটি প্রাইভেটকার। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকেও হাল্কা ধাক্কা দিয়ে তীব্র গতিতে এগিয়ে যায় কারটি। এ সময় মাইক্রোবাসটি এগিয়ে কারের পাশে নিয়ে তাদেরকে মহাসড়কে এরকম অস্বাভাবিক গতিতে গাড়ি না চালানোর জন্য বলেন মাইক্রোবাসের চালক। তখন কারটি সামনে এগিয়ে গিয়ে রাস্তার উপরে থেমে মাইক্রোবাসের গতিরোধ করে। কার থেকে নেমে কয়েকজন যুবক প্রথমে মাইক্রোবাসের চালককের মারধর করেন। এ সময় বাধা দিতে এগিয়ে যান কবির। তখন তার ওপর হামলা চালান যুবকেরা। এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গনি বলেন, টহল পুলিশ রাস্তার ওপর জটলা দেখে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারে। তখন পরিস্থিতি স্বাভাবিক করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিন্তু স্থানীয়দের জটলার কারণে হামলাকারীদের আটক করা যায়নি।
তিনি বলেন, আমি ইতোমধ্যে আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে গিয়েছি, তার পরিবারের সঙ্গে কথা বলেছি। এছাড়াও হামলাকারীদের গাড়ি ও পরিচয়ও শনাক্ত করা হয়েছে। মামলা দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ ঘটনায় সিলেটের সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংবাদকর্মীর ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
প্রতিনিধি/টিবি




