শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

মাইক্রোবাসের তেলের ট্যাংকে ইয়াবা, তিন মাদক কারবারি ধরা

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ১০:৩২ পিএম

শেয়ার করুন:

মাইক্রোবাসের তেলের ট্যাংকে ইয়াবা, তিন মাদক কারবারি ধরা
জব্দ ইয়াবাসহ গ্রেফতার তিন মাদক কারবারি। ছবি: ঢাকা মেইল

কক্সবাজার থেকে মাইক্রোবাসের তেলের ট্যাংকের সঙ্গে বিশেষ কায়দায় লুকিয়ে অধিক দামে বিক্রির উদ্দেশে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা যাচ্ছিল ঢাকায়। এ ঘটনায় চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গাড়িচালকসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কালো রঙের নোহা মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ টাকা। 

শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় সাড়ে ৭টায় ঢাকামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেপ্তাররা হলেন- খুলনা জেলার খুলনা সদর থানার আদমপাড়া এলাকার মো. রবিউল ইসলাম প্রকাশ রবি, নেহালপুর এলাকার গাড়িচালক মো. আলাউদ্দিন শেখ ও জিন্নাহপাড়া এলাকার মো. মোশারফ শিকদার জাম্বু।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় চেকপোস্টের দিকে আসা কালো রংয়ের এক্স নোহা স্কয়ার হাইব্রিড মাইক্রোবাসটিকে (ঢাকা মেট্রো-চ-১২-৮০০৯) দাঁড় করিয়ে গাড়ির চালক ও যাত্রীবেশে থাকা তিন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেখানো মতে গাড়ির পেছনের সিটের নিচে প্লেন শিট দিয়ে ঢেকে রাখা তেলের ট্যাংকির সঙ্গে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপে মোড়ানো ৬টি বান্ডেল ও লাল কসটেপে মোড়ানো ১৪ বান্ডেল থেকে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়াও ২০০ গ্রাম ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ২৯ লক্ষ টাকা।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন মাদক পরিবহনের জন্য গাড়িটি খুলনার রূপসা ব্রিজ এলাকা থেকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় নেওয়া হয়। সেখানে পলাতক শাহাবুদ্দিন গাড়িটি আলাউদ্দিন শেখের কাছ থেকে বুঝে নেন। শাহাবুদ্দিন ও রবিউল মিলে গাড়ির তেলের ট্যাংকের সঙ্গে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বারে ইয়াবাগুলো লুকিয়ে ইয়াবাভর্তি গাড়িটি গ্রেপ্তার তিন ব্যক্তির কাছে বুঝিয়ে দেওয়া হয়। ইয়াবাগুলো ঢাকায় অবস্থানরত রানা বেগ ও রনি নামে দুই ব্যক্তির কাছে অধিক দামে বিক্রির উদ্দেশে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর