সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিনজন সদস্য গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামে নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাকী গ্রামের মো. আক্তার খানের ছেলে মেনাজুল ইসলাম (২৪), একই গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. বনি আমিন (২০) ও মৃত আব্দুল মালেক মো. নিশাত রেজা (২৭)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, বৃহস্পতিবার রাতে বেলকুচির আদাচাকী গ্রামে নাবিল টেলিকম মোবাইলের দোকানে অনলাইন জুয়া খেলা হচ্ছে এমন সংবাদে ওই দোকানে অভিযান চালায় র্যাব-১২ এর একটি দল। এ সময় একটি সংঘবদ্ধ দেশীয় অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে ৪টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৮৮৫ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে একাধিক এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার পূর্ণক অনলাইনে ভেটিং/জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেনসহ জুয়ার সাইটে অর্থের প্রয়োজন হলে তারা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ও অন্যান্য প্রভৃতি) ব্যবহার করে অর্থ সরবরাহ করে আসছে বলে স্বীকার করেন। আসামিদের বিরুদ্ধে বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এজে




