বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, দেশের প্রত্যেক জায়গায় যেন আমরা পর্যটনের হাব তৈরি করতে পারি। দেশে ১৪৯৮টি পর্যটন স্পট রয়েছে। পর্যায়ক্রমে সব স্থানকে পর্যটন হাব করা হবে। সরকার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে। পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শুক্রবার(৭ আগস্ট) বিকেলে নাটোর উত্তরা গণভবন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, নাটোর হচ্ছে একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে কোনো ভালো হোটেল-মোটেল নেই? আমরা চেষ্টা করবো, এখানে যেন পর্যটনের সবকিছুর একটি হাব তৈরি করা যায়। যেন মানুষ তার এলাকায় সব ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে। চিকিৎসা সেবার জন্য কাউকে ঢাকামুখী না হতে হয়। মানুষ যেন তার এলাকার হাতের নাগালে সবকিছু পায়। এজন্যই সরকার কাজ করছে।
তিনি বলেন, আমি নিজেও জানতাম নাটোরে একটি ঐতিহ্যবাহী গণভবন রয়েছে। যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এসেছেন। এই ঐতিহ্যকে সবার কাছে পৌঁছে দিতে হবে। অনেক পর্যটক জানে না এত সুন্দর একটি পর্যটন স্থান এখানে আছে।
তিনি আরও বলেন, মানুষের ভোটে নির্বাচিত হয়েছি বলে আজকে এখানে কথা বলতে পারছি। আমার দায়িত্ব তাদের স্বপ্নগুলো পূরণ করা, তাদের উন্নয়ন করা, তাদের সেবা দেওয়া।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম প্রমুখ।
প্রতিনিধি/ এজে




