পিরোজপুরের কঁচা নদীর হুলারহাট বন্দর এলাকা থেকে এক অজ্ঞাত পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হুলারহাট বন্দর সংলগ্ন কঁচা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে তারা বিষয়টি পিরোজপুর সদর থানায় অবহিত করেন। খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ এবং কাউখালী নৌ পুলিশের যৌথ একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে ডাঙায় তুলে আনে।
পিরোজপুর সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, উদ্ধারকৃত মরদেহটি একজন পুরুষের। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেইসঙ্গে এটি হত্যা নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/ এজে




