শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

জুলাইয়ের চেতনায় মনিরামপুরে তরুণদের সাইকেল র‍্যালি ও ম্যারাথন

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

জুলাইয়ের চেতনায় মনিরামপুরে তরুণদের সাইকেল র‍্যালি ও ম্যারাথন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং মাদকমুক্ত ও অপরাধহীন সমাজ গড়ার প্রত্যয়ে যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নে সাইকেল র‍্যালি ও যুব ম্যারাথনের আয়োজন করেছে যুব জামায়াত।

শুক্রবার (৭ আগস্ট) সকালে মশ্বিমনগর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে সাইকেল র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাকলা ফেরিঘাট বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে যুব ম্যারাথন শুরু হয়ে কাঁঠালতলা বাজারে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় তরুণদের ব্যাপক অংশগ্রহণ ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা যুব জামায়াতের সভাপতি মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘এই ম্যারাথন শুধু দৌড় নয়, এটি ঘুরে দাঁড়ানো, লক্ষ্য অর্জন এবং সংগ্রামী মানসিকতার প্রতীক। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ecb9f0bd-0674-4a12-89eb-c099c826107a

বিশেষ অতিথির বক্তব্যে মনিরামপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি এইচ এম শামীম বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী শতভাগ মাদকমুক্ত একটি সংগঠন। তরুণদের মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ আয়োজন করা হয়েছে।’

উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সেলিম জাহাঙ্গীর বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে যুবসমাজকে অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। একই সঙ্গে কিশোর অপরাধ ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

আরও পড়ুন

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে শিবিরের ‘বিজয়ের দৌড়’

মশ্বিমনগর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আলী রেজা রাজু, ইউনিয়ন জামায়াতের আমির আনিসুর রহমান, ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি জাহিদ আলম খানসহ স্থানীয় নেতারা।

আয়োজকদের ভাষ্য, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বিকাশ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর