হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বিশাল আকৃতির একটি পদ্মগোখরা সাপ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বন বিভাগের উদ্যোগে সাপটিকে জাতীয় উদ্যানের গভীর বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
সাপ অবমুক্তকরণের সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। এ ছাড়া বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার করা পদ্মগোখরাটি আকারে বেশ বড় হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। পরে সাপটিকে নিরাপদে উদ্ধার করে সাতছড়ি জাতীয় উদ্যানে নেওয়া হয়। মানুষের বসতি থেকে দূরে প্রাকৃতিক পরিবেশে নিরাপদ বিচরণ নিশ্চিত করতে সেটিকে বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগের সংশ্লিষ্টরা জানান, পদ্মগোখরা বিষধর সাপের একটি প্রজাতি। এ সাপের বিষে মূলত স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে এমন নিউরোটক্সিক উপাদান থাকে। তাই এ ধরনের সাপের কামড়ে আক্রান্ত হলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়া উচিত।
সাতছড়ি জাতীয় উদ্যান দেশের অন্যতম সমৃদ্ধ বনাঞ্চল। এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর পাশাপাশি নানা ধরনের সরীসৃপেরও আবাস রয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী হত্যা না করে, উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে বন বিভাগ।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, সাপ প্রকৃতির খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে উদ্ধার করে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা প্রয়োজন।
প্রতিনিধি/এসএস




