শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

বক্তব্যের সময় মাইক কেড়ে নেওয়ার প্রতিবাদে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৭:৩৯ এএম

শেয়ার করুন:

বক্তব্যের সময় মাইক কেড়ে নেওয়ার প্রতিবাদে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

নড়াইলের লোহাগড়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত পথসভায় বক্তব্য দেওয়ার সময় নিজের কাছ থেকে মাইক কেড়ে নেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তাইবুল হাসান বলেন, ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি হামলা, মামলা, নির্যাতন ও কারাবাসের শিকার হয়েছেন। গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি-পরবর্তী পথসভায় তিনি বক্তব্য দিচ্ছিলেন। এ সময় লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর তার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে তাকে অপমান ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাইবুল হাসান বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু এবং জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ দলের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এসব অভিযোগের ব্যাপারে লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর বলেন, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল হাসান বক্তব্য দেওয়ার সময় র‍্যালিতে সামনে যাওয়া বিএনপি নেতাদের বিশৃঙ্খলার বিষয়ে ছাত্রদলকে সুসংগঠিত করে বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে। যা সংবাদ সম্মেলন করে সে বলেছে। সে সময় আমার কাছে তার বক্তব্য দেওয়াটা খারাপ লাগায় আমি মাইক কেড়ে নিই। এ ঘটনায় আমি তাইবুলের সঙ্গে কথা বলেছি ও দুঃখ প্রকাশ করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও লোহাগড়া পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, লোহাগড়া পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্না, লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম বাচ্চু, কোটাখোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুস সাকিবসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর