‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। এই আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না।’— এমন মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন।
বৃহস্পতিবার বিকেলে সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাভার থানা বিএনপি, যুবদল এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, যারা দীর্ঘদিন ধরে মানুষের ভোটাধিকার হরণ করেছে এবং গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। সাভারে কোনো অপশক্তিকে আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ডের সুযোগ নেই।
সভাপতির বক্তব্যে মো. খোরশেদ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতিকে নতুন করে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে।
তিনি বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ হলো একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে শহীদদের আত্মত্যাগের ইতিহাস জানাতে হবে।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিনিধি/এলএ




