চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার নামে এক কেয়ারটেকারকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান।
বুধবার দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার সেলিম উপজেলার প্রতাপপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় শিশুটির মা হাজীগঞ্জ থানায় মামলা করেছেন। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পৌর এলাকার এক প্রবাসী ব্যক্তির নির্মাণাধীন ৬ তলা ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন সেলিম মজুমদার। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে শিশুটি তাকে 'দাদা' বলে ডাকত। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটিকে চকলেট ও খাবারের লোভ দেখাতেন।
ঘটনার দিন শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলার সিঁড়ির কক্ষ থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখেন তার মা। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি সেলিম মজুমদারের অপরাধের বিষয়টি মাকে জানায়। পরে ঘরে এনে পরীক্ষা করে শিশুটির শরীরে নির্যাতনের আলামত দেখতে পান স্বজনেরা।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সেলিম মজুমদারকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




