নেত্রকোনা শহরে নিজ বাসার কক্ষ থেকে মো. আকাশ তালুকদার (৩০) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শহরের পুকুরপাড়ের তিতাস নগর এলাকায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আকাশ তিতাস নগরের মাহাবুল আলম মোহনের বাসায় ভাড়া থাকতেন।
নিহত আকাশ জেলা আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। তিনি শহরের সাতপাই এলাকায় ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন।
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, ঘরের মেঝেতে আকাশের লাশ দেখতে পেয়ে বাসাটির অন্য লোকজন পুলিশে খবর দেন। পরে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে নিজ কক্ষের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। আকাশের গলায় বিদ্যুতের তার জড়ানো ছিল। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, আকাশকে হত্যা করা হয়েছে নাকি সে নিজে আত্মহত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। সবদিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে।
প্রতিনিধি/ এজে




