বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ফেনীতে তীব্র গ্যাস সংকট, সিএনজি চালকদের ভোগান্তি চরমে

জেলা প্রতিনিধি, ​ফেনী
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

ফেনীতে তীব্র গ্যাস সংকট, সিএনজি চালকদের ভোগান্তি চরমে

​ফেনীতে টানা পাঁচ দিন ধরে তীব্র সিএনজি গ্যাস সংকট দেখা দিয়েছে। জেলার ১০টি সিএনজি ফিলিং স্টেশনের কোনোটিতেই স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ হচ্ছে না। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সিএনজি অটোরিকশা চালকেরা। ঘণ্টার পর ঘণ্টা পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে তাঁদের দৈনিক আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

​সরেজমিনে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সহস্রাধিক সিএনজি অটোরিকশা গ্যাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। চালকরা অভিযোগ করেন, অনেক পাম্প রাত থেকে টানা ২৪ ঘণ্টার বেশি বন্ধ থাকছে। চালকদের দাবি, দীর্ঘদিনের এই সমস্যার সমাধান না হওয়ায় পরিবার নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

সিএনজি অটোরিকশা চালক রসূল আহাম্মদ ক্ষোভ প্রকাশ করে জানান, সারারাত পাম্পে অপেক্ষা করেও সকালে সামান্য সময় গ্যাস দেওয়ার পর প্রেশার না থাকায় পাম্প বন্ধ করে দেওয়া হয়। এতে একদিকে আয়ের পথ বন্ধ, অন্যদিকে গাড়ির কিস্তির টাকা ও সংসারের খরচ জোগানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

​ফিলিং স্টেশন কর্তৃপক্ষের প্রতিনিধিরা জানান, সিএনজি কম্প্রেশন মেশিনে গ্যাসের প্রেশার একেবারেই কম থাকায় রিফুয়েলিং বন্ধ রাখতে হচ্ছে। 

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, এটি একটি জাতীয় পর্যায়ের সংকট যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

​এ বিষয়ে বিজিডিসিএল ফেনীর ডিজিএম প্রকৌশলী আখতারুজ্জামান জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন এবং দ্রুতই সমস্যার সমাধানের আশা করছেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর