বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

গণভোটের রায় কার্যকর পর্যন্ত রাজপথে থাকব: মামুনুল হক

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

গণভোটের রায় কার্যকর পর্যন্ত রাজপথে থাকব: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: ঢাকা মেইল

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, বর্তমান সরকারের ক্ষমতার ৫ মাসেই দেশ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। সরকার ৭০ শতাংশ মানুষের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। যার কারণে আমরা রাজপথে নেমেছি।

বৃহস্পতিবার বিকালে ফেনীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুসারে আমরা সংবিধান সংস্কার চাই। সংবিধান সংশোধন আমরা মানি না। দেশের মানুষ সংবিধান সংশোধন নয়; সংস্কারের জন্য ‘হ্যাঁ’ ভোটের রায় দিয়েছে। দেশের মানুষের দেওয়া রায় নিয়ে তামাশা করবেন না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে যাব।  

তিনি বলেন, ১৯৭২ সালে ভারতের সংবিধানকে কপি করে এনে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। হাসিনা ক্ষমতায় এসে  সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা মুছে দিয়েছে। তাই আমরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুসারে সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কার চাই। 

মামুনুল হক আরও বলেন, দেশের আদালত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে। নয়াদিল্লি তাকে প্রটেকশন দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ দিল্লির এমন আচরণের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। 

তিনি বলেন, শেখ হাসিনার মতো খুনির সঙ্গে নয়, বাংলাদেশের মানুষের সাথে আপনাদের সম্পর্ক থাকা উচিত।

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার আয়োজনে গণভোটের রায় বাস্তবায়ন, তৈল, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ হয়। 

সংগঠনের জেলা শাখার সভাপতি নাজমুল আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা সভাপতি শাহ মুহাম্মদ জুনায়েদ ও খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দলটির নায়েবে আমির  আফজালুর রহমান, মহাসচিব জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, তোফাজ্জল হোসাইন মিয়াজি,  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ নোমান ও এনামুল হক মূসা, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুজ্জামান,বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ দিদারুল ইসলাম।

উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রহিম, জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, ছাত্র শক্তির আহ্বায়ক সোহরাব হোসেনসহ খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর