কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তসংলগ্ন নাফ নদীর শূন্যরেখার মিয়ানমার অংশে স্থলমাইন বিস্ফোরণে বদি আলম (৩২) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বদি আলম পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।
বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে বদি আলম আরও দুই-তিনজনের সঙ্গে নাফ নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে গেলে সেখানে পূর্বে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। এতে বদি আলম গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শরীরের ডান পাশেও গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, গত ২৮ জুলাই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (৪০) নামে আরেক বাংলাদেশি আহত হন।
বিজিবির তথ্য অনুযায়ী, গত এক বছরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন নিহত এবং ৩১ জনের বেশি আহত হয়েছেন।
প্রতিনিধি/এজে




