বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

গ্যাস সংকট: কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম

শেয়ার করুন:

গ্যাস সংকট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট
কুমিল্লার দাউদকান্দি এলাকায় তীব্র যানজট। ছবি: ঢাকা মেইল

গ্যাস সংকটের প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালক ও যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগে পড়েন।

বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত দাউদকান্দি থেকে গৌরীপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। 

দাউদকান্দি  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এর সঙ্গে বৃষ্টি এবং গ্যাস সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস না থাকার কারণে এবং চট্টগ্রামমুখী যানবাহনের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। 

মহাসড়কের কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, কয়েকটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গৌরীপুরের একটি স্টেশনেই গ্যাস নিতে শত শত যানবাহন ভিড় করে। গ্যাসের অপেক্ষায় থাকা ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি মহাসড়কের এক পাশ দখল করে ফেলায় চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। ফলে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে।

ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন লরিচালক আবুল মিয়া। তিনি  বলেন, এক ঘণ্টারও বেশি সময় ধরে গৌরীপুর এলাকায় আটকে আছি। ভোরে চট্টগ্রাম থেকে মালামাল আনতে রওনা দিয়েছিলাম। এখনো গৌরীপুর এলাকা পার হতে পারিনি। এতে সময় ও জ্বালানি— দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়েছি।

যানজটে আটকে থাকা কয়েকজন যাত্রী জানান, দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় গন্তব্যে পৌঁছাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, রোগীবাহী যান এবং পণ্য পরিবহনে এর নেতিবাচক প্রভাব পড়েছে।

কুমিল্লা দাউদকান্দি  হাইওয়ে থানার ওসি প্রেম দাস  বলেন, ভোর থেকে বৃষ্টি এবং গ্যাস সংকটের কারণে চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। গ্যাস পাম্পে অপেক্ষমাণ যানবাহনের সারি মহাসড়কের কয়েক কিলোমিটার পর্যন্ত হয়েছে। যানজট নিরসনে সকাল থেকে এখনও রাস্তায় যানজট নিরসনে কাজ করছি। আমাদের একাধিক টিমও কাজ করছে এবং যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকার মাস্টার্স পাম্পের ম্যানেজার জাহাঙ্গীর বলেন, গ্যাসের চাপ কম থাকায় অনেকগুলো পাম্প এই মুহূর্তে বন্ধ রয়েছে। মঙ্গলবার থেকেই এই সমস্যায় আছি। গ্যাস সংকট স্বাভাবিক না হলে আরো ভোগান্তি পোহাতে হবে। 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে মাঠে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে যানজট দ্রুত কমে আসবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর