বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

কোটচাঁদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

কোটচাঁদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আরিফ শেখ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সবদুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ শেখ মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নওদাগা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা শাপলা পরিবহনের ‘সাগরিকা’ নামের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

ভ্যানচালক গোলাপ মণ্ডল জানান, তিনি রাস্তার পাশে নিজের ভ্যানের ওপর বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে কিছু বুঝে ওঠার আগেই বাসটি তার ভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল্লাহ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর