গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির এক আলোচনা সভায় দলের জেলা যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেছেন, একটি সংঘবদ্ধ ধর্মভিত্তিক গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের তৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৫ আগস্ট) দুপুরে শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোস্ট্যান্ড এলাকায় পথসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে মিলিত হয়।
উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সুলাইমান কবিরের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. মনিরুজ্জামান।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ প্রণয়ন করেছে এবং ৩৩টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সনদের অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

বক্তব্যে তিনি আরও বলেন, সংসদে এক ধরনের বক্তব্য দিয়ে বাইরে এসে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ধর্মপ্রাণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ছড়ানোরও অভিযোগ করেন তিনি।
ড. মনিরুজ্জামান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ও তাদের মিত্ররা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। শ্যামনগরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নবগঠিত উপজেলা বিএনপির কমিটির সফলতা কামনা করেন।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গোলাম আলমগীর, গাজী শহিদুজ্জামান, গাজী শাহ আলম, আবুল খয়ের মল্লিক, আজিজুল হক, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, উপজেলা মহিলা দলের আহ্বায়ক নূর জাহান পারভীন ঝর্ণা, শ্রমিক দলের আহ্বায়ক রফিকুজ্জামান, সদস্যসচিব সিরাজুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ অন্যরা।

সভায় বক্তারা গণ-অভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণআন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। পরে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিনিধি/এসএস




