বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

পুলিশ দেখে দৌড়ে খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

পুলিশ দেখে দৌড়ে খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু, তদন্তের দাবি পরিবারের
সাব্বির শেখ (১৯)।

নেত্রকোনায় টহলরত জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের দেখে দৌড়ে পালানোর সময় খালে পড়ে সাব্বির শেখ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার হরিখালি খাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির শেখ শহরের মেছুয়াবাজার এলাকার ব্যবসায়ী নাদিম শেখের ছেলে। তিনি আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ডিবি পুলিশের নয় সদস্যের একটি দল মাদকবিরোধী অভিযানে মোটরসাইকেলে করে যাচ্ছিল। দলের নেতৃত্বে ছিলেন ডিবির (পশ্চিম) উপপরিদর্শক (এসআই) রাজন মিয়া। নেত্রকোনা-আমতলা সড়কের হরিখালি খালের কাছে পৌঁছালে সাব্বিরসহ কয়েকজন যুবক দূর থেকে পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তারা পাশের খালে লাফ দেন। অন্যরা সাঁতরে উঠতে পারলেও সাব্বির পানিতে ডুবে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সড়কের পাশে নিয়ে আসেন। পরে ডিবি পুলিশের সদস্যরা নেত্রকোনা ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাজহারুল আমিন বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে সাব্বিরকে হাসপাতালে আনা হয়। ইসিজি পরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কাপড় ভেজা ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহতের বোন পূর্ণিমা আক্তার বলেন, সাব্বির নিয়মিত বাবার দোকানে বসতেন। মঙ্গলবার বিকেলে দোকান বন্ধ করে এক বন্ধুর সঙ্গে বের হওয়ার পর খবর পান, পুলিশকে দেখে দৌড়ে পালানোর সময় তিনি পানিতে পড়ে মারা গেছেন। তার ভাষ্য, সাব্বির সাঁতার জানতেন না।

পূর্ণিমা আক্তার আরও বলেন, তার ভাই কোনো মামলার আসামি ছিলেন না এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিলেন না। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, পুলিশকে দেখে কেন তারা দৌড়ে পালিয়েছিলেন, তারা কোনো মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কীভাবে সাব্বিরের মৃত্যু হয়েছে—সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর