বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মহাদেও নদে বালু উত্তোলনের সময় দুই নৌকার চাপে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

মহাদেও নদে বালু উত্তোলনের সময় দুই নৌকার চাপে শ্রমিক নিহত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহাদেও নদে বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গন্দিরগাঁও গ্রামের সেকুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। বুধবার সকালে বালু উত্তোলনের সময় পাশাপাশি থাকা দুটি নৌকার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন রিফাত। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই রিফাতের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা শামীম আহমেদ বলেন, প্রশাসনের অভিযানের আশঙ্কায় শ্রমিকেরা দ্রুত নৌকায় বালু তোলার চেষ্টা করছিলেন। এ সময় দুটি নৌকার চাপে দুর্ঘটনাটি ঘটে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সম্প্রতি এ-সংক্রান্ত অভিযানে কয়েকজনকে দণ্ড দেওয়া হয়েছে এবং একাধিক নৌকা জব্দ করা হয়েছে। তবে পর্যাপ্ত নৌযান না থাকায় অভিযান পরিচালনায় কিছুটা সীমাবদ্ধতা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। নদী ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর