কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি খালেক মাঝি (৫২) গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
খালেক মাঝি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিকাশ বিল্ডিং-সংলগ্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ পাওয়া যায়। এতে পাহাড়ের প্রাকৃতিক কাঠামো ও পরিবেশের ক্ষতি হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বাদী হয়ে ইমারত নির্মাণ আইন ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে পৃথক দুটি মামলা করে। এরপর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় দায়ের করা দুটি মামলায় খালেক মাঝিকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




