মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, শিশুদের রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা। এ ছাড়া শহরের প্রধান সড়কগুলো জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানায় সাজানো হয়।
সকাল ৯টায় ঢাকা রোড ব্রিজসংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, সরকারি কলেজ, পৌরসভা, প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল সাড়ে ৯টায় মাগুরা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডা. শামীম কবির এবং সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. মো. আলফাজ উদ্দিন।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জুলাই যোদ্ধা শাহরিয়ার সাদিক, শহীদ রাব্বির স্ত্রী সুমি খাতুন, শহীদ রাজু আহমেদের মা নাসিমা খাতুন এবং শহীদ সুমনের মা খাদিজা।
প্রতিনিধি/এসএস




