মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৫ প্লাটুন সদস্য। গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

মঙ্গলবার (৪ আগস্ট) গোপালগঞ্জ শহরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম।

প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে জেলায় বিভিন্ন কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই আগাম নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ‘আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি যে-কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর