পিরোজপুরের জেলা প্রশাসকের (ডিসি) পরিচয় ব্যবহার করে ফোনকলের মাধ্যমে প্রতারণার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসন সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
জেলা প্রশাসন জানায়, ০১৭৪৫-৯৯২৯০৯ নম্বর থেকে জেলা প্রশাসকের পরিচয় দিয়ে জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করা হচ্ছে। কলের মাধ্যমে আর্থিক সুবিধা ও সংবেদনশীল তথ্য চাওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, জেলা প্রশাসকের কার্যালয়ের সব দাফতরিক যোগাযোগ কেবল সরকারি ও অনুমোদিত মাধ্যমেই করা হয়। তাই ওই নম্বর বা এ ধরনের কোনো ফোনকল পেয়ে কেউ যেন অর্থ লেনদেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো কিংবা ব্যক্তিগত তথ্য প্রদান না করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কোনো সন্দেহজনক ফোনকল পেলে দ্রুত নিকটস্থ থানা বা জেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




