চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে ২ হাজার ৩০০ তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ। বজ্রপাতের ঝুঁকি কমানো এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্য নিয়ে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কাটাছরা ইউনিয়নের ছত্ত্বর ভূঁইয়ারহাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, জোহরা অ্যাগ্রো ফার্মস অ্যান্ড নার্সারির ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, দেশে তাল ও খেজুরগাছের সংখ্যা কমে যাচ্ছে। তালগাছ রোপণের উদ্যোগ পরিবেশের জন্য ইতিবাচক। তিনি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

মো. ওমর শরীফ বলেন, প্রতিবছর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। এবার ঠাকুরদীঘি থেকে ছত্ত্বর ভূঁইয়ারহাট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে ২ হাজার ৩০০ তালগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস




