রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২৫টি পরিবারের মধ্যে মোট ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রংপুর সার্কেলের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিছিল।
এ সময় বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুল আলম সরকারসহ বিআরটিএ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শফিকুল আলম সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ ধরনের আর্থিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি বা নিহতের পরিবার নির্ধারিত ফরমে আবেদন করলে যাচাই-বাছাই শেষে ক্ষয়ক্ষতির ধরন অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন পরিচালনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সচেতন ভূমিকা প্রয়োজন।
প্রতিনিধি/এসএস




