পারিবারিক কলহের জেরে মাগুরা শহরের ভায়না টিটিডিসিপাড়া এলাকায় এলপিজি সিলিন্ডারে আগুন দিয়ে শিপলু মুন্সী (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ সোমবার (৩ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিপলু মুন্সী ওই এলাকার আকবর মুন্সীর ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, সকালে শিপলু পরিবারের সবাইকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজায় তালা লাগিয়ে দেন। এরপর ঘরের ভেতরে গ্যাস সিলিন্ডারের সংযোগ খুলে আগুন ধরিয়ে দেন। এ সময় পরিবারের সদস্যরা বাইরে থেকে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন।
স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ঘরের ভেতর থেকে শিপলু মুন্সীর মরদেহ উদ্ধার করা হয়।
শিপলুর ছেলে পাভেল মুন্সী জানান, রোববার রাতে হঠাৎ তার বাবা পরিবারের সবাইকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। সোমবার সকালে আবারও পরিবারের সবাইকে ঘর থেকে বের করে দিয়ে তিনি ঘরে তালা লাগিয়ে দেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে আগুন দেখা যায়।
পাভেল আরও জানান, তার বাবা আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে তাকে কাজে যাওয়ার কথা বললে তিনি আর কাজে যাবেন না বলে জানান।
স্থানীয় লোকজন জানান, ঘটনার আগের রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে শিপলুর ঝামেলা হয়েছিল। সকালে তাঁর স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া হলে তিনি চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে যান। পরে হাসপাতাল থেকে ফিরে এসে ঘরে আগুন দেখতে পান। আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
মাগুরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে টিটিডিসিপাড়া এলাকায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘরের ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এআর




