সুগন্ধি চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে নওগাঁর দুটি রাইস মিলকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (৩ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জরিমানা করা দুটি প্রতিষ্ঠান হলো বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড ও টিকে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেডকে ২০ হাজার এবং টিকে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রুবেল আহম্মেদ বলেন, অভিযোগ ছিল প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে সুগন্ধি চাল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বাজারে সুগন্ধি চালের দাম প্রতি কেজিতে ২০০ টাকা ছাড়িয়ে গেছে, যা অস্বাভাবিক। মূল্যবৃদ্ধির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান শুরু করেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কৃষি বিপণন অধিদফতরের নওগাঁ কার্যালয়ের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার, পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস




