সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

হিলি বন্দর দিয়ে আবারও কাঁচামরিচ আমদানি শুরু

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

হিলি বন্দর দিয়ে আবারও কাঁচামরিচ আমদানি শুরু

দেশের বাজারে কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর অংশ হিসেবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ টন কাঁচামরিচ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমতি পাওয়ার পর আমদানিকারকেরা ঋণপত্র (এলসি) খোলাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। সব প্রক্রিয়া শেষ হলে সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আমদানিকারকদের আশা, ভারত থেকে কাঁচামরিচ আসা শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে। এতে বর্তমানে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম দ্রুত সহনীয় পর্যায়ে নেমে আসবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উৎপাদন কমে যাওয়ায় বাজারে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাবে কাঁচামরিচের দাম প্রতি কেজি ৩০০ টাকারও বেশি হয়েছে।

b3e81b8c-6c06-4203-a426-7ed04d36b152

তিনি বলেন, ভারতের বাজারে বর্তমানে কাঁচামরিচের দাম তুলনামূলক কম। তাই দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকারের কাছে আমদানির অনুমতি চাওয়া হয়েছিল। অনুমতি পাওয়ায় সোমবার বিকেল থেকেই আমদানি শুরু হবে বলে আশা করা হচ্ছে। এতে বাজারে দ্রুত ইতিবাচক প্রভাব পড়বে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, বাজার নিয়ন্ত্রণে ১৬ জন আমদানিকারককে মোট ৫ হাজার ১৫০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ করে তারা ভারত থেকে কাঁচামরিচ আমদানি করতে পারবেন।

এর আগে সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হয়েছিল। প্রায় ১০ মাস পর আবারও এ বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হচ্ছে।

প্রতিনিধিএসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর